মাদক পাচারকালে আনসার-ভিডিপি সদস্যসহ আটক ২

মাদক মামলায় আনসার ভিডিপি সদস্যসহ দুইজন আটক মানিকগঞ্জে পুলিশের সাব-ইন্সপেক্টর (এস আই) পরিচয়ে ফেনসিডিল পাচারকালে আনসার-ভিডিপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আকট করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আব্বাস আলী (৩৫), তিনি আনসার ভিডিপির সদস্য, অপরজন মমিনুর রহমান (৩৫)। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকায়।

ঘিওর থানার এস আই মাহবুবুর রহমান জানান, রবিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে আনসার সদস্য আব্বাস আলী ও তার সহযোগী মমিনুর রহমান (পেশায় ট্রাকচালক) একটি মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিল। বানিয়াজুরী এলাকায় তাদের মোটরসাইকেলটি এক পথচারীকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা মোটরসাইকেলসহ তাদের দুইজনকে আটক করে। পরে বানিয়াজুরী বাসস্ট্যান্ট এলাকায় টহলরত পুলিশ এগিয়ে আসে। এ সময় মোটরসাইকেল থেকে তরল পানির মতো পদার্থ পড়তে থাকলে পুলিশের সন্দেহ হয়। এ সময় তাদের একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
আটকের পর আব্বাস আলী নামে এক মাদক ব্যবসায়ী প্রথমে নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দেয়। পরে তার আসল পরিচয় পাওয়া যায়। সে পুলিশ নয়, আনসার-ভিডিপি সদস্য। ঢাকার রাজারবাগ এলাকায় কর্মরত আছে। আরেকজন মমিনুর রহমান। সে ট্রাকচালক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার ভিডিপি সদস্য আব্বাস আলী জানান, সে দুই মাস ধরে মাদক বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত। চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৮০ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকার গুলশানে বড় ভাই জাহিদের কাছে পৌঁছানোর কথা ছিল।
পুলিশের ওই কর্মকর্তা জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।