নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির দায়ে মানিকগঞ্জে এক ফার্মেসির মালিককে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ মে) বিকাল ৩টার দিকে এক অভিযানে ওই ফার্মেসি মালিককে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজিব হোসেন। তিনি ২৫০ শয্যার জেলা হাসপাতালের কাছে মডার্ন ড্রাগস স্টোর নামের ফার্মেসির মালিক।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খান বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকাল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে মডার্ন ড্রাগস স্টোরে ২৫ টাকার ইফিডিন ৪০০ টাকা এবং ৬ টাকার প্যাথেডিন ২৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘নির্ধারিত দামের বেশি দামে ওষুধ বিক্রির দায়ে ওই ফার্মেসির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম। এ ছাড়া, ওই দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।’