নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে ঝিলের পানিতে ডুবে লিটন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, লিটন মিয়া একজন মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) বেলা দেড়টার দিকে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম আল মামুন সাদা পোশাকে একটি মোটরসাইকেলে করে ৯নং ওয়ার্ডে প্রবেশ করেন। এসময় ওই এলাকার মালেক মিয়ার ছেলে লিটন মিয়া পুলিশকে দেখে দৌড় দিলে এসআই শামীম তার পিছু নেন। একপর্যায়ে লিটন নিজেকে বাঁচাতে ঝিলের পানিতে ঝাঁপ দেন। পরে আর লিটন ভেসে না ওঠায় পুলিশ ডেমরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝিল থেকে লিটনের লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র আরও জানায়, নিহতের লাশ নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল ইসলাম বলেন, ‘লিটন মাদক ব্যবসায়ী। সে একটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার লাশ উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’