ডেঙ্গুতে ফরিদপুর মেডিক্যালে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গু মশাফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূ মারা গেছেন। তার নাম লিপি আক্তার (৩০)। বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুরে। শুক্রবার (৯ আগস্ট) সকালে তিনি মারা গেছেন। এ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে তিন জন মারা গেছেন।

ফরিদপুর মেডিক্যাল কলেজের পরিচালক ডা. কামদা প্রসাদ বলেন, শুক্রবার সকালে ডেঙ্গুতে একজন মারা গেছেন। গত কয়েকদিনে ৩৬ ডেঙ্গু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে হাসপাতালগুলোয় ২৫২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তাছাড়া চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৭০ জন।

বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই ফরিদপুর ও পাশের জেলাগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির পাচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হলে অনেককেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।