ফতুল্লায় অস্ত্রসহ ‘কিশোর গ্যাং গ্রুপ’র তিন সদস্য আটক





অস্ত্রসহ আটক গ্যাং গ্রুপের তিন সদস্যনারায়ণগঞ্জের ফতুল্লায় ‘কিশোর গ্যাং গ্রুপ’র তিন সদস্যকে পাঁচটি দেশীয় ছুরিসহ আটক করেছে পুলিশ। তারা হলো—আসিফ, শিপন ও সুমন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাদের আটক করা হয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য জানান।
ওসি জানান, কোরবানির ঈদের আগে এলাকায় বড় ভাই-ছোট ভাই নিয়ে এক যুবকের সঙ্গে তাদের দ্বন্দ্ব বাধে। ওই বিরোধের জেরে মঙ্গলবার রাতে আসিফ, শিপন ও সুমন ধারালো পাঁচটি বড় ছুরি নিয়ে ওই বড় ভাইকে শায়েস্তা করার জন্য ওঁত পেতে থাকে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের তিনজনকে ধরে প্রথমে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনাস্থল ফতুল্লায় হওয়ায় সদর থানা পুলিশ তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উদ্ধার অস্ত্রনারায়ণগঞ্জ সদর থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পশ্চিম দেওভোগ এলাকায় ‘কিশোর গ্যাং গ্রুপ’ এর তিন সদস্যকে পাঁচটি ছুরিসহ একটি মাঠের পাশে বসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ওই তিন কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করেন তারা।