আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরের মাওনা রঙ্গিলাবাজার এলাকার আদিব ডাইং মিলস লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক তারিক, মাসুমা ও তাদের সহকর্মীরা জানান, বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করেও কারখানা কর্তৃপক্ষ তাদের আগস্ট মাসের বেতন পরিশোধ করেনি। সেপ্টেম্বর মাসও চলে যাচ্ছে। বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে কাজ বন্ধ রেখে বিকাল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছি। আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়লে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা জনদুর্ভোগ সৃষ্টি করে। এসময় অবরোধ ছেড়ে দিতে বললে ছত্রভঙ্গ হয়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্থান থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মৃদু লাঠিচার্জ ও কমপক্ষে ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়। এতে কেউ আহত হয়ে থাকতে পারে।
পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, আগামী ৩০ সেপ্টেম্বর তাদের আগস্ট মাসের বকেয়া পরিশোধ করা হবে। ওই দিনই সেপ্টেম্বর মাসের বকেয়া পরিশোধের তারিখ জানিয়ে দেওয়া হবে।