পদ্মার পানি বিপদসীমার ওপরে, ফরিদপুরে নিম্নাঞ্চল প্লাবিত

01ফরিদপুরের গত দুই দিন ধরে পদ্মার পানি হঠাৎ বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত তা বিপদসীমার ওপর ছিল। যার ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে শীতকালীন পেঁয়াজের ক্ষেত।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পদ্মার পানি ৬ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
এদিকে পদ্মার পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার নর্থচ্যানলে, ডিক্রীরচর ও চরমাধবদিয়া ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও নর্থচ্যানেল ইউনিয়নের চাটামের বাজার সড়কের দুই স্থানে পানিতে তলিয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার নিন্মাঞ্চলের সবজি জাতীয় ফসলের ক্ষতি হয়েছে, এছাড়া গুটি পেঁয়াজ ক্ষেত তলিয়ে যাওয়ায় শীতকালীন পেঁয়াজ নষ্ট হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তকর্তাদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক বলেন, ফরিদপুরের নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে আমরা সবসময় খোঁজ-খবর নিচ্ছি। দুশ্চিন্তার কারণ নেই, জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। যেকোনও বিপদে সবাইকে নিয়ে মোকাবিলা করতো পারবো।’