দেশের বিরুদ্ধে একটা পক্ষ খেলা শুরু করেছে: শামীম ওসমান

 

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দেন শামীম ওসমানদেশে একটা কিছু ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের  সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটা জায়গায় নিতে চাচ্ছেন। দেশে আইনের শাসন দিতে চাচ্ছেন। অথচ একটা পক্ষ দেশের বিরুদ্ধে একসঙ্গে খেলা শুরু করেছে।’

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে এক  নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আর ইলেকশন করবেন কি-না, এ বিষয়ে জনগণ অনেক সময় প্রশ্ন তোলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ’৯০ শতাংশ সত্য আমি ইলেকশন করবো না, যদি আমার নেত্রীর ওপর কোনও আঘাত না আসে। এটা আমার পেশা না। আমি ক্ষুধাকে ভয় পায় না। পঁচাত্তরে যখন আমার বাবা জেলে ছিলেন, তখন আমি একবেলা ভাত খেয়েছি তো আরেকবেলা খেতে পারিনি। আবার এই আমরাই দেশের সবচেয়ে ধনী পরিবারের লোকদের মধ্যে ছিলাম। আমার বড় ভাই সেলিম ওসমান নিজের একশ’ কোটির ওপরে টাকা খরচ করে নারায়ণগঞ্জে স্কুল-কলেজ বানিয়েছেন।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, ‘আমার ভাই নিজে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চালিয়েছেন। বাসের ছাদে করে মুরগি নিয়ে এসে বায়তুল মোকারম মসজিদের সামনে বিক্রি করেছেন। সেই টাকা দিয়ে সংসার চালিয়েছেন। তারপরও আমরা কারও কাছে হাত পাতিনি, মাথা নত করিনি। এটাই আমার বাবা-মার শিক্ষা। রাজনীতিকে আমি কখনও ধান্দা হিসেবে নিইনি, ভবিষ্যতেও নেবো না।’

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘বুয়েটে একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মামলা হওয়ার আগেই ছাত্রলীগের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুয়েটে যারা ভর্তি হয় তারা সেরাদের সেরা। অথচ এ মামলায় আরও ২০ জন ছাত্র জড়িয়ে গেছে। যদি প্রমাণিত হয় তারা অপরাধী, তবে তাদের কারও ফাঁসি হবে, কারও যাবজ্জীবন।’

শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ার তাগিদ দিয়ে শামীম ওসমান বলেন, তোমাদের লাইফ কিন্তু সামনে কঠিন। এখনই সময় সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষ হতে হলে ভালো ফল করতে হবে।’ তিনি আরও বলেন, ‘তোমরা যদি জীবনে কিছু করতে চাও, সবার আগে মা-বাবার প্রতি দায়িত্ব পালন করো। তারপর সমাজ ও দেশের জন্য কিছু করো।’

অভিভাবকদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রত্যেক ছাত্র-ছাত্রীর মা-বাবার উচিত ধর্মের অনুভূতি তাদের বাচ্চাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া। ধর্ম মানুষকে সুন্দর করে, সমৃদ্ধ করে। প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়।’

কলেজের অধ্যক্ষ নূর ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান,সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু প্রমুখ।