জেএমবির ২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ থেকে আটক জেএমবির দুই সদস্য

নারায়ণগঞ্জের পাইকপাড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবির) সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।  সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও দুটি ল্যাপটব উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আনিছুর রহমান ওরফে আজাদ ওরফে সাইফ আল আজাদ (২৫), মাওলানা মুফতি আতিক উল্লাহ ওরফে আবু ইসমাইল ওরফে মানজুম আতিক (২৯)।

মঙ্গলবার সকালে র‌্যাব-১১ আদমজী নগর কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুাপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা এ সংগঠনের দাওয়াতি শাখার সমন্বয়কারী হিসেবে কাজ করে আসছে। তারা জেএমবির আধ্যাত্মিক নেতা আতিকুল্লাহ’র মাধ্যমে জেএমবিতে যোগদান করেছে। তারা ফেসবুক গ্রুপে আইডি খুলে অনলাইনে বিভিন্ন অঞ্চলের জেএমবি’র সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। এছাড়াও উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোডসহ বিতরণ করে আসছে। একই সঙ্গে  সদস্য সংগ্রহের জন্য নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছে। তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার বৈঠকে মিলিত হয়েছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হবে।