নারায়ণগঞ্জ সদর উপজেলা চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন শামীম ওসমান১৫ আগস্টের মতো আরেকটি ঘটনা যেন না ঘটে এ জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি, ঠিক সেই সময় আরেকটি ১৫ আগস্ট করার জন্য মাথার ওপর শকুনেরা ঘুরছে। আর সেটি হবে শেখ হাসিনাকে টার্গেট করে। এ ধরনের কিছু ঘটলে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই আমাদের সচেতন থাকতে হবে; শুধু শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর জন্য নয়, এ দেশের মাটি ও নতুন প্রজন্মের জন্য।’
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশুদের সঙ্গে শামীম ওসমানশামীম ওসমান বলেন, ‘শিক্ষকরাই শেখ মুজিবুর রহমানের খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার ইতিহাস নতুন প্রজন্মকে শেখাতে পারেন।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে জানতে হলে তার লেখা বই পড়তে হবে।’ মুক্তিযুদ্ধের বই পড়ার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীমউদ্দীন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল প্রমুখ। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সদর উপজেলা পরিষদ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে শিবু মার্কেট ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।