সোমবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনির ওই গ্রামের হাজের আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে পাঁচপটল গ্রামে প্রতিবেশী হানিফের ছেলে সবুজকে মনিরের ভাতিজি চড় দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বিকালে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের বল্লবের আঘাতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়। এদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চান মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’