স্বামীর দেওয়া আগুনে পুড়ে ১১ দিন পর চলে গেলেন মর্জিনা

গাজীপুরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে হার মানলেন মর্জিনা বেগম (৪০)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী স্বাধীন আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মর্জিনা বেগম টাঙ্গাইলের দেলদুয়ারের উপজেলার ইয়াসিন গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং সিরাজগঞ্জ সদরের জয়নগর এলাকার মৃত হরফ আলীর ছেলে স্বাধীন আলীর স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ির (সেলিম নগর) এলাকায় মমতাজের বাড়িতে ভাড়া থাকতেন স্বাধীন ও তার পরিবারের সদস্যরা। গত রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রী মর্জিনার গায়ে আগুন দেয় স্বাধীন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ি এলাকার শরীফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর স্বজনেরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মর্জিনা মারা যান।

ওসি আবু সিদ্দিক জানান, স্বামী স্বাধীন আলীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।