নিখোঁজের ৫ মাস পর ভ্যানচালকের কঙ্কাল উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ৫ মাস ১৭ দিন পর মাটির নিচ থেকে শফিকুল ইসলাম (২৪) নামে এক ভ্যানচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নওগাঁ গ্রামের একটি লেবু বাগান থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শফিকুল উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর সকালে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে শফিকুল কাজের জন্য বের হন। ওইদিন সন্ধ্যায় বেশ কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার নতুন কহেলা কলেজের সামনের রাস্তা দিয়ে ধামরাইয়ের আতুল্যা বাজারের দিকে রওনা হন। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ৫ দিন পর শফিকুলের চাচা শিপন মিয়া মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর এ মাসের ৫ মার্চ নিহত শফিকুলের মা বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ সন্দেহজনক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তার দেওয়া তথ্য মতে ওই ভ্যানচালকের কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, ‘কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’