টাঙ্গাইলের বাসাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা মোজাহের মোল্লার ছেলে। সেলিম রেজা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি পিলখানায় সিপাহী পদে দায়িত্বে ছিলেন। অপর নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশবক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. নবিন বলেন, বিকালে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও কামরুজ্জামান নামের দুই জন মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। এসময় তারা মহাসড়কের করাতিপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাতে কামরুজ্জামানেরও মৃত্যু হয়। নিহতদের লাশ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, একইদিনে জেলার বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরও ছয় জন নিহত হন।