চলন্ত ইজিবাইক থেকে স্ত্রীর ধাক্কা, কাভার্ডভ্যানে পিষ্ট স্বামী

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামী (২৮) নিহত হয়েছে।

রবিবার (৩০ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইঘর কড়ইতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এদিন রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, নিহতের ও তার স্ত্রীর পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, রাফেল নামে এক চালকের ইজিবাইক দিয়ে শিবুমার্কেট থেকে স্বামী-স্ত্রীর পরিচয়ে দু’জন যাত্রী ওঠে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ইজিবাইকচালক তাদের নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ভুইঘর কড়ইতলা এলাকায় পৌঁছামাত্র স্ত্রী তার স্বামীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এসময় স্বামী লিংক রোডে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্ত্রী দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।