সম্প্রীতি নষ্ট করতেই শ্মশানের পুকুরের মাটি কবরস্থানে: শামীম ওসমান

‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই শ্মশানের পুকুরের মাটি কবরস্থানে ফেলা হয়েছে’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

বাবা-মা ও বড় ভাইসহ মুক্তিযোদ্ধাদের কবরের ওপর ফেলা মাটি সরানোর কাজ দেখতে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নগরীর মাসদাইর এলাকায় কেন্দ্রীয় সিটি কবরস্থান পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

shamim-osman1

কবরস্থান পরিদর্শন শেষে বাবা-মা ও বড় ভাইয়ের কবরে গিলাপ পরিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। তাই কবরস্থানে শ্মশানের পুকুরের মাটি ফেলে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ মুক্তিযোদ্ধাদের এভাবে অবমাননার বিচার সরকার করবে।’ তবে এমন ঘৃণিত কাজের পরও সিটি করপোরেশনের কোনও কর্মকর্তা কবরস্থানে না আসায় শামীম ওসমান তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার (৯ আগস্ট) দুপুরে বাবা-মা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসে শামীম ওসমান দেখেন সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কবরস্থানের পাশে শ্মশানের পুকুর খনন ও সংস্কারকাজ চলছে। এ সময় তার পরিবারের চার সদস্য এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাসহ অর্ধশতাধিক কবর ভরাট করে ফেলা হয়েছে। কবরগুলো প্রায় তিন ফুট মাটির নিচে দেবে যায়। পাশাপাশি কবরগুলোর ওপর শ্মশানের পুকুরের মাটিও ফেলা হয়েছে বলে অভিযোগ করেন শামীম ওসমান।

এদিকে, সোমবার রাত থেকেই কবরের ওপর ফেলা শ্মশানের মাটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন সিটি করপোরেশনের ঠিকাদার।