শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আবারও সীমিত পরিসরে ফেরি চালু

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আবারও সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টায় ফেরি চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, এখন থেকে এই রুটে চারটি ফেরি চলবে। ফেরিগুলো হলো—কুঞ্জলতা, কদম, সুফিয়া ও ফেরি রোকেয়া। বর্তমানে শুধু ছোট হালকা যান ফেরিতে পার করা হবে। প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ তিন টনের নিচের ট্রাকগুলো ফেরিতে পার হবে। ফেরি চলবে সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।  

এর আগে সকাল সাড়ে ১০টায় শিমুলিয়া ঘাটের তিন নম্বর ফেরিঘাট থেকে পরীক্ষামূলক একটি ফেরি চালু হয়। ফেরিটি সফলভাবে যান পারাপার করতে পারায় দুপুরে সীমিত পরিসরে ফেরি চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর থেকে বন্ধ আছে এই রুটে ফেরি চলাচল। তার আগে জুলাই ও আগস্ট মাসে চারটি ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার পর গত ১৮ আগস্ট থেকে পদ্মা সেতুর নিরাপত্তা ও নদীর তীব্র স্রোতের কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে শুধু দিনের বেলা পাঁচটি ফেরি চলাচল শুরু হয়েছিল। আজ আবার ২৮ দিন ফেরি চালু হলো।