নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ মালামাল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ডিপিডিসির দুই লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ডিপিডিসির ডিজিএম কামরুন নাহার স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বরখাস্ত করে ডিপিডিসি দফতরে সংযুক্ত করা হয়েছে।
তারা হলেন- শহরের কিল্লারপুল ডিপিডিসি পূর্ব জোনের লাইনম্যান আউয়াল হোসেন ও মো. সুমন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২ নভেম্বর সিদ্ধিরগঞ্জের পাঠানটুলির আইলপাড়া ফিডার পরিদর্শনে যান উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ। এ সময় তিনি দেখতে পান, ওই ফিডারের একটি ট্রান্সফরমার, ১২ মিটার এসপিসি পোল, স্ট্র্যাকচার, লুপ, টোকার তারসহ চুরি হয়ে গেছে। এ ঘটনায় গত ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে বিদ্যুৎ আইনে উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
ওই মামলার তদন্তকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় বেশ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা যায়, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় লাইনম্যান আউয়াল ও সুমন জড়িত। এ ঘটনায় গত ১৪ নভেম্বর পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
ডিপিডিসি পূর্ব জোনের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ জানান, চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।