ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ট্রলারে নদী পার হচ্ছেন যাত্রীরা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটে এমন দৃশ্যের দেখা মেলেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাত্রী পার করছেন চালকরা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রী বোঝাই কয়েকটি ট্রলার পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পাটুরিয়া থেকেও ট্রলার দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে দেখা গেছে। এ সময় ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্যদকে দেখা যায়নি।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যে কারণে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয় দৌলতদিয়া ঘাটে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছেন অনেকে।
দৌলতদিয়া ঘাটের নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. জাকির বলেন, ‘যাত্রীদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক ঘাট এলাকাসহ নদীতে টহল দিচ্ছি। ট্রলার চলাচলের কথা শোনার সঙ্গে সঙ্গে টিম পাঠানো হয়েছে। আশা করি, ট্রলারে যাত্রী পারাপার দ্রুত বন্ধ হয়ে যাবে। তবে মাঝেমধ্যে আমাদের চোখ ফাঁকি দিয়ে যাত্রী পারাপার করা হয়।’