মাওলানা মামুনুল হকসহ কথা কয়েকজনের মুক্তির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের ফরিদপুর জেলা শাখা। তবে অনুমতি ছাড়া মানববন্ধন করায় পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানারে বিকাল ৩টায় এ কর্মসূচি করার কথা থাকলেও শুরু হয় সোয়া ৩টার দিকে। মানববন্ধন কর্মসূচির পাশাপাশি বক্তারা বক্তব্য দেন। সংগঠনটির মহাসচিব মামুনুল হক, যুগ্ম সচিব জালালউদ্দিন আহমেদ, আতাউল্লা আমিন এবং কোরবান আলীসহ গ্রেফতারদের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা গেছে, সেখানে প্রথমে বক্তব্য দেন সংগঠনটির জেলা সদস্য আসাদ হোসেন। তার বক্তব্য চলাকালে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। পুলিশ সমবেত ব্যক্তিদের ওই জায়গা সরিয়ে দেয়। এতে আয়োজিত মানববন্ধন শুরুর পরপরই পণ্ড হয়ে যায়।
পণ্ড হওয়ার আগে আসাদ হোসেন মামুনুল হকসহ সব আলেমদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে খেলাফত মজলিসের জেলা শাখার মুখপাত্র আবু নাসির বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে মামুনুল হকসহ নেতৃবৃন্দর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। তবে পুলিশের বাধায় কর্মসূচিটি আমরা পালন করতে পারিনি।’
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গাফফার বলেন, ‘অনুমতি ছাড়াই বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। যেহেতু কর্মসূচি পালনের পূর্বে তারা অনুমতি নেয়নি- সে কারণে পালন করতে দেওয়া হয়নি।’