মানিকগঞ্জে গণপিটুনিতে নিহত ২, স্থানীয়দের দাবি ডাকাত সদস্য 

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের দাবি ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ার পর তাদের গণপিটুনি দেওয়া হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে এদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরেক জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

সাবেক ইউপি মেম্বার ইউসুফ আলীর ছেলে ব্যবসায়ী আলী আহমেদ দাবি করেন, ‘১০-১৫ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্র নিয়ে রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে হানা দেয়। ডাকাত দলের সদস্যরা দুটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এর পর তারা ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তিন লাখ টাকা লুটে নেয়। এসময় চিৎকার করলে ডাকাত সদস্যরা গুলি করার হুমকি দিয়ে চলে যায়। প্রতিবেশীরা ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করেন। এর পর ডাকাতদলের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে যায়। পরে স্থানীয়রা ডাকাত সদস্যদের ধাওয়া করে। দলের বেশিরভাগ সদস্য পালিয়ে গেলেও স্থানীয়রা তিন জনকে ধরে গণপিটুনি দেয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আহত তিন ডাকাত সদস্যকে পুলিশে সোর্পদ করা হয়। পুলিশ আহত ডাকাত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দু’জনের মৃত্যু হয়।’

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গ্রামবাসী তিন জনকে গণপিটুনি দিয়েছে। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আরেক জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।