জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ

টাঙ্গাইলে জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির আহ্বায়ক আবুল কাশেমকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

বুধবার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে শহরের বেসরকারি ঢাকা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আবুল কাশেম জানান, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু এমপিকে সঙ্গে নিয়ে সভাস্থলে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোজাম্মেল হকের লোকজন তাকে সভাস্থলে যেতে বাধা দেন। এ সময় সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় ওঠার সঙ্গে সঙ্গে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দলীয় লোকজন উদ্ধার করে শহরের বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করেন।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আবুল কাশেম ক্লিনিকে ভর্তি হয়েছেন শুনেছি। তবে আমার লোকজন এই ঘটনা ঘটায়নি। জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ও কাশেমসহ আমরা একত্রে সভাকক্ষে ছিলাম। তিনি মিথ্যা অভিযোগ দিচ্ছেন।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘আহত হয়ে ক্লিনিকে ভর্তির ঘটনা জেনেছি। তবে ছুরিকাঘাত না অন্য কিছুতে আহত হয়েছেন, সেটা নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’