নারায়ণগঞ্জে পুলিশ-বিহারি সংঘর্ষের নেপথ্যে

নারায়ণগঞ্জের এক মসজিদে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হকের ওপর জুতা নিক্ষেপ ও মারধরের ঘটনায় অভিযান চালিয়ে ৩২ বিহারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (১৩ জুন) সকালে ক্ষুব্ধ হয়ে সিদ্ধিরগঞ্জের চাষাঢ়া-আদমজী সড়ক অবরোধ করেন স্থানীয় বিহারি পল্লির বাসিন্দারা। তাদের দাবি, নিরপরাধদের গ্রেফতার করেছে পুলিশ। 

তবে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু বলেন, ‘শুক্রবার মসজিদে এসআই সৈয়দ আজিজুল হককে বেদম মারধর করা হয়। তার পরিপ্রেক্ষিতে যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং মাদকসহ বিভিন্ন মামলার আসামি, তাদের ধরতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিহারিপট্টিতে অভিযান চালায়। অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়।’

আরও পড়ুন: মসজিদে এসআইয়ের ওপর জুতা নিক্ষেপ-মারধর

তিনি আরও জানান, এ ঘটনায় বিহারি পল্লির বাসিন্দারা সকাল পৌনে ৭টায় গ্রেফতারদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক টিয়ার গ্যাস এবং শতাধিক ফাঁকা গুলি ছোড়া হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  

এদিকে নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে বিহারি পল্লির চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন বলেন, ‘পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় শুধু বিহারি পল্লির লোকজনদের আসামি করা হয়েছে। এছাড়া গতকাল রাতেও অনেক নিরপরাধ বিহারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ জন্য বিহারিরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে।’ 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, ‘এসআইকে মারধরের ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন বিহারিকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে রাতেই দেড় শতাধিক বিহারি লোকজন আমার বাড়িতে আসেন। তারা জানান- পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় যারা জড়িত নয় তাদেরকেও গ্রেফতার করা হয়েছে, মামলার আসামি করা হয়েছে।’ 

তিনি আরও জানান, এ ঘটনার জেরে সকালে বিহারি পল্লির বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দুপুরে তাদের আশ্বস্ত করা হয়- পুলিশ নিরপরাধদের হয়রানি করবে না। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: ‘এসআইয়ের ওপর জুতা নিক্ষেপে জড়িত কিশোর গ্যাং’ 

অভিযানে নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু বলেন, ‘কোনও নিরপরাধকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতাররা মামলার সঙ্গে জড়িত। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অন্য কেউ জড়িত থাকলেও তাদেরকে গ্রেফতার করা হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারি পল্লি এলাকার আদমজী জামে মসজিদে জুমার নামাজের সময় এসআই সৈয়দ আজিজুল হকের ওপর জুতা নিক্ষেপ করা হয়। এ সময় মারধরে আহত হন তিনি। ঘটনার পরদিন শনিবার সিদ্ধিরগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এই মামলায় ৫০ জন নামীয়সহ অজ্ঞাত ১২০-১২৫ জনকে আসামি করা হয়।