প্রাইভেটকারে শিক্ষক দম্পতির লাশ: সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে নিজ গাড়ি থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় টঙ্গীর শহিদ স্মৃতি ও টঙ্গীর আমজাদ আলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভে শিক্ষক দম্পতিকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে দোষীদের বিচারের দাবি করেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার না করলে মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।

আরও পড়ুন: প্রাইভেটকারে শিক্ষক দম্পতির লাশ, ফুসফুস-কিডনিতে জমাট রক্ত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী উপ-কমিশনার (এডিসি) হাসিবুল আলম শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অনুরোধ জানান। এ সময় দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে, গত ১৮ আগস্ট ভোরে দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় প্রাইভেটকারের ভেতর শিক্ষক দম্পতি জিয়াউর রহমান (৫১) ও মাহমুদা আক্তার জলির (৩৫) লাশ পাওয়া যায়। জিয়াউর গাজীপুরের টঙ্গীর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাহমুদা টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আরও পড়ুন: প্রাইভেটকারে শিক্ষক দম্পতির লাশ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা 

শুক্রবার (১৯ আগস্ট) রাতে ময়মনসিংহের ত্রিশালে গ্রামের বাড়িতে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় রাত সাড়ে ৮টায় জিএমপির গাছা থানায় নিহত জিয়াউরের বড় ভাই আতিকুর রহমান অজ্ঞাতদের নামে হত্যা মামলা করেন।