টাঙ্গাইলে অবৈধ ৪ ক্লিনিক সিলগালা

টাঙ্গাইলে অবৈধ চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেন।

জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকায় টাঙ্গাইল শহরের আছিয়া ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান ল্যাব ক্লিনিক অ্যান্ড হাসপাতাল, মক্কা-মদিনা ডিজিটাল ক্লিনিক অ্যান্ড হাসপাতাল এবং সাবালিয়া ডিজিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলামসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২৮ মে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি অবৈধ ক্লিনিক সিলগালা এবং কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনটি ক্লিনিক মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, ‌‘আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় চারটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।’