মানুষকে অভুক্ত রেখে উন্নয়ন কোনও কাজে আসবে না: মেনন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশে অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ ভালো নেই। ফলে এ উন্নয়নকে গল্প বলা মনে হয়। সাধারণ মানুষকে অভুক্ত রেখে এ উন্নয়ন কোনও কাজে আসবে না।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে যশোর জিলা পরিষদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় মেনন বলেন, ‘সামনে নির্বাচন। নির্বাচন এলেই ষড়যন্ত্রের খেলা শুরু হয়। অথচ সামনে বিশ্ব মন্দা আসছে। আমাদের উচিত দেশ রক্ষায় কাজ করা।’ একইসঙ্গে আগামী নির্বাচনে নিজস্ব প্রতীকে সারা দেশে প্রার্থী দেওয়ার কথা বলেন তিনি।

পার্টির যশোর জেলা সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান। বক্তৃতা রাখেন- জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সব্দুল হোসেন খান, জেলা যুব মৈত্রীর সভাপতি অনুপ কুমার পিন্টুসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা।