বৃষ্টিতে গোপালগঞ্জে তরমুজ চাষে ক্ষতির আশঙ্কা

তরমুজের রাজধানী নামে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত ৩ দিনের বৃষ্টিতে তরমুজ চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।
উপজেলার কলাবাড়ি ইউনিয়নের অধিকাংশ তরমুজ ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।  জমিতে পাম্প বসিয়ে পানি সরানো ব্যবস্থা করলেও গাছ শুকিয়ে যাওয়ায়  হতাশ হয়ে পড়েছেন অধিকাংশ তরমুজ চাষী।
জানা যায়, ওই ইউনিয়নে প্রতি বছর অন্তত ৫০ কোটি টাকার তরমুজ উৎপাদিত হয়। গোপালগঞ্জের কলাবাড়ি কালিগঞ্জসহ ৮টি স্থান থেকে দেশের বিভিন্ন জায়গায় তরমুজ সরবরাহ হয়।
কোটালীপাড়া কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝাঁ বলেন, তার ইউনিয়নে এ বছর ৩২৫ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছেন চাষীরা। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে অধিকাংশ তরমুজ ক্ষেত তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের।
তরমুজ চাষী নারায়ণ চন্দ্র বিশ্বাস বলেন, বৃষ্টিতে তার প্রায় ১০ একর জমির তরমুজের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্থ ক্ষেতগুলো থেকে পানি সরাতে উপজেলা কৃষি অফিস থেকে চাষীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত পানি সরাতে পারলে তরমুজ চাষের তেমন ক্ষতি হবে না বলেও জানান ওই কৃষি কর্মকর্তা।
/এসএনএইচ/এআর/