নারায়ণগঞ্জে বাসে আগুন

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিসমিল্লাহ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে অনাবিল পরিবহনের একটি বাস রাখা ছিল। এ সময় অজ্ঞাত কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় কেউ আগানোর সাহস পাননি। পরে স্থানীয়রা গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে গাড়ির ভেতরের সিট সহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। এই বাস প্রতিদিন সাইনবোর্ড স্টপেজ হয়ে যাত্রী আনা-নেওয়া করে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহামদ বাংলা ট্রিবিউনকে বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এই ঘটনায় বাসটি পুড়ে গেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা নেই। এ বিষয়ে পুলিশ বলতে পারবে। 

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় তদন্ত চলছে।