গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে দীর্ঘদিন যাবৎ ফেলে রাখা কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘গাড়ির মালিক কাভার্ডভ্যানটির পেছনের চাকা খুলে নিয়ে গেছেন ও সামনের চাকা পাংচার অবস্থায় ছিল। রাতে ৪-৫ জন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে সড়কের পাশে রাখা কাভার্ডভ্যানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। গাড়িটি গত কয়েক দিন যাবৎ ওই এলাকার শাখা সড়কের পাশে রেখে দেয় চালক। ঘটনার পর ভ্যানের চালক ও মালিককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক এস কে তুহিন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’