গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি এলাকায় মোজা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোয়া চার ঘণ্টার চেষ্টায় শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সোয়া চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।’
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের মোজা তৈরির ওই কারখানায় আগুন লাগে। ভবনের দোতলায় আগুন লাগার পর তা পাশের টিনশেড ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘খবর পেয়ে শ্রীপুর, কাপাসিয়া, টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের উৎস সম্পর্কে জানা যায়নি।’