গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আগুনে পুড়েছে আটটি তুলার গুদাম। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিন ইউনিট। তবে কোনও মালামাল রক্ষা করা যায়নি।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে এসব গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ও ফায়ার ফাইটার আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুনে মিলগেট এলাকার সাইদুল ইসলামের চারটি, মিলন মিয়ার দুটি, জহিরুল ইসলামের একটি এবং জাহাঙ্গীর আলমের একটি তুলার গুদাম পুড়ে গেছে। এ সময় গুদামের পাশের দুই চা দোকানি মামুন ও কামালের দোকানও পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আশপাশের কয়েকটি তুলার গুদামে আগুন লাগে। এ সময় আটটি গুদামের তুলা পুড়ে যায়। স্থানীয়রা পাশের পোশাক কারখানার অগ্নিনির্বাপক কর্মীদের সাহায্যে নিয়ন্ত্রণের চেষ্টা করে। নিয়ন্ত্রণ করতে না পেরে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। গুদামঘরগুলোর আকার ছোট হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।’