এটিএম লুঙ্গি কারখানায় আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

টাঙ্গাইল সদর উপজেলায় এটিএম লুঙ্গির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১০ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ লুঙ্গির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, কারখানার তুলার গোডাউনের পাশের ওয়ার্কশপে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানার তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা নেভানোর চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।’

এটিএম লুঙ্গি কারখানার উইভিং বিভাগের পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘গোডাউনের পাশের ওয়ার্কশপ থেকে আগুন ছিটকে পড়ে এই ঘটনা ঘটতে পারে। প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছি আমরা।’