এখনও জ্বলে উঠছে গাজী টায়ার কারখানার আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় লাগা আগুন আবার জ্বলে উঠছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রূপসীতে অবস্থিত কারখানাটির ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল থেকে ভবনের সড়কের পাশের দিকে আগুন জ্বলে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে রাতের বেলা ভবনের দুটি ফ্লোরে আগুন জ্বলতে দেখা গেছে।

এ বিষয়ে জানাতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অফিসার মো. তালহা বিন জসিম বলেন, ‘ভবনটিতে টায়ার ও টায়ার তৈরির কাঁচামাল রয়েছে। এগুলো দাহ্য পদার্থ। তা ছাড়া ভবনটি পুড়ে জরাজীর্ণ হওয়ার ফলে ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ভবনের বাইরে থেকে পানি দিতে হচ্ছে। যে কারণে অনেকসময় আগুন জ্বলে উঠছে। তবে এই আগুন চারদিকে ছড়িয়ে পড়া বা বিরাটাকার হওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া ভবনটি দীর্ঘ সময় ধরে আগুনে পোড়ার কারণে গরম হয়ে গেছে। এই অবস্থায় ভেতরে সব জায়গায় পানি দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে কোনও কোনও স্থানে আগুন জ্বলে উঠতে দেখা যাচ্ছে।’

এর আগে, সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ‘দীর্ঘ চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ভবনের ভেতরে গরম আছে। সামান্য পরিমাণে কোথাও কোথাও আগুন জ্বলছে। তবে ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। ভেতরে ঢুকে কাজ করা সম্ভব হচ্ছে না।’

প্রসঙ্গত, রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় রূপগঞ্জে রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। দীর্ঘ ২১ ঘণ্টা পর সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ভোর ৫টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।