গাজীপুরে মেঘনা গ্রুপের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংগাটি (মোল্লাপাড়া) এলাকায় মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ ট্রিমস (বোতাম) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি, রাজেন্দ্রপুরের দুটি ও গাজীপুরের ভোগড়া ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট সাত ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়রা জানান, এম অ্যান্ড ইউ ট্রিমস কারখানায় বোতাম উৎপাদন হয়। দুপুরের দিকে হঠাৎ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনে কারখানার দক্ষিণ পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়লে স্থানীয়রাও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন সেখান থেকে কেমিক্যালের ড্রাম বের করার সময় দুটি ফেটে যায়। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানাতে পারেনি।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, কারখানায় পানির ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের আশপাশের বাসা বাড়ি থেকে পানি সরবরাহ করে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে।