গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাস্টার লাইনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হন।’

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।