দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত তার জামিন নামঞ্জুর করেন। জামিন শুনানির সময় সাবেক মেয়র আইভী আদালতে উপস্থিত ছিলেন না।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলায় জামিন আবেদন করা হলে নামঞ্জুর করেন আদালত।’
আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘এই দুই মামলার এজাহারে আইভীর নাম ছিল না। তারপরও জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছি আমরা।’
উল্লেখ্য, গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে ছয় মাস ধরে আইভীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়। পরে আরও চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন। এরপর ফের নতুন করে আরও পাঁচটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
শ্যোন অ্যারেস্ট দেখানো মামলাগুলো হলো- ফতুল্লায় জুলাই আন্দোলনের সময় বাসচালক আবুল হোসেন হত্যা মামলা, ইয়াছিন হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা ও পারভেজ হত্যা মামলা। অপর মামলাটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করেছিল সদর মডেল থানা পুলিশ।