ইটনায় মুরগি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে আইয়ুব আলী (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এ সময় ক্রেতাদের মধ্যে সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর ওপর কিল-ঘুষি ও মারধর শুরু করেন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আইয়ুব আলী সদর ইউনিয়নের বাসিন্দা ও এয়াকুব আলীর ছেলে।

নিহতের ভাতিজা বাহার উদ্দিনের অভিযোগ, মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্কের জেরে সাব্বিরসহ তিন-চারজন মিলে আমার চাচাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এ বিষয়ে ইটনা থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।