নারায়ণগঞ্জ–৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে ও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। বৃহস্পতিবার সকালে ও দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাটি দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- ফতুল্লার কাশিপুর ইউনিয়নের মৃত আইয়ুব আলীর ছেলে মারুফ হাসান (২২) ও আল আমীন ওরফে আক্কা-বাক্কা আলামিন (২৪) গাইবান্ধা সদরের সিদ্দিকের ছেলে। তিনি কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনসংযোগের উদ্দেশে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান আব্দুল্লাহ আল আমিন। এ সময় অপরিচিত দুই যুবক তার সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে মিশে তাকে অনুসরণ করতে থাকে। বিষয়টি টের পেয়ে নেতাকর্মীরা তাদের একজনকে আটক করেন এবং তার কাছ থেকে একটি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করেন।
হামলার সময় আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে থাকা দুই নেতাকর্মী আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি ও তার সহযোগীরা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে তারা চলে যাওয়ার পর হামলাকারীর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়।
এ ঘটনার পর ১৫ জানুয়ারি রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর আভিযানিক দল ফতুল্লা থানার চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মারুফ হাসানকে আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই ঘটনায় বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি এলাকা থেকে আল আমিন ওরফে আক্কা-বাক্কা আলামিনকে (২৪) আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনায় র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, বুধবার সন্ধ্যায় ফতুল্লার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় গণসংযোগকালে প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ও তার নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা করা হয়। এতে দুই জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- এনসিপির ছাত্র-উইং ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) ও ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের (২২)। তবে ওই ঘটনার পরপর হামলাকারী দুজন পালিয়ে যায়।