গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনের ফুলকি ছিটকে তিন জন দগ্ধ হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা ভয়ে হুড়োহুড়ি করে দৌড় দিলে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। এ সময় শ্রীপুর-মাওনা সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে শ্রীপুরের পৌরসভার মাওনা চৌরাস্তায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মাওনা চৌরাস্তায় আব্দুস সাহিদ সুপার মার্কেটের ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। সপ্তম তলার ভবনটিতে ব্যাংকের শাখাসহ ছোট-বড় কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম এবং ফ্ল্যাট বাসা রয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিন জন দগ্ধ হন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ তিন জনকে উদ্ধার স্থানীয় আল হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি বড় বড় বিপণিবিতান, পাইকারি কাপড়ের বাজার থাকায় ঈদ মার্কেট উপলক্ষে বেশ জনসমাগম ছিল। আগুনের এ ঘটনায় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতশত মানুষ ছোটাছুটি করে দৌড় দেওয়ায় সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।