গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ কসমেটিকস ব্যবসায়ী জাকির হোসেনের (৩২) ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো। অপর অগ্নিদগ্ধ রবিউল ইসলাম বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। শনিবার (২১ মার্চ) ভোরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এদিন রাত ১১টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কসমেটিকস ব্যবসায়ী জাকির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় ব্যবসা করতেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ১১ মার্চ রাতে শ্রীপুর পৌরসভার শিল্পাঞ্চল হিসেবে পরিচতি মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ফুলকি ছিটকে মুহূর্তেই আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ইয়াসিন (৩৭), জাকির হোসেন (৩২) এবং রবিউল ইসলাম (২৫) অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। এর মধ্যে তিনদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৪ মার্চ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের আলী হোসাইনের ছেলে ইয়াসিন এবং শনিবার (২১ মার্চ) ভোরে কসমেটিকস ব্যবসায়ী জাকির হোসেনের মৃত্যু হয়েছে।