গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৭ শিশু

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত চার দিনে (শনিবার থেকে মঙ্গলবার) হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু ভর্তি হয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের শিশু ওয়ার্ডে ২৭ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। শনিবার ৬, রবিবার ৭ ও সোমবার ৯ শিশু ভর্তি হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ৭, সিটি করপোরেশন এলাকার ৬ এবং কালিয়াকৈর, শ্রীপুর ও কালীগঞ্জ থেকে ৩ জন করে রোগী ভর্তি হয়। মঙ্গলবার সকালেও ৫ শিশুকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনেরা জানান, কয়েক দিন ধরে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি ও দুর্বলতা দেখা দেওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। 
স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করেছেন তারা। এ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানে থাকায় বর্তমানে শিশুদের একটু উন্নতি হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, হামের লক্ষণ নিয়ে চার দিনে ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।