মাদারীপুরের কালকিনিতে প্রয়োজনীয় টেকনিশিয়ান ছাড়াই রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং রিপোর্ট দেওয়ার অভিযোগে ভূরঘাটা নিরাময় হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভূরঘাটা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ইউএনও কিশোর কুমার দাস।
অভিযোগ রয়েছে, হাসপাতালটিতে প্রয়োজনীয় টেকনিশিয়ান না থাকলেও রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়া হচ্ছিল। এমনকি রোগীদের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগও ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস জানান, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনও প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।