এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্নপত্র, দেড় ঘণ্টা পর দেওয়া হলো নতুন প্রশ্ন 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে গত বছরের সিলেবাসের সৃজনশীল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর বিষয়টি ধরা পড়লে ১৭৭ জন শিক্ষার্থীকে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। পরে তাদের দেড় ঘণ্টা অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এ ঘটনায় কেন্দ্রসচিব মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এসএসসি পরীক্ষার প্রথম দিনে সোনারগাঁ উপজেলার ৪৯৮ নম্বর কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে মোট ৭৬৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৬০ জন।

পরীক্ষা কেন্দ্র সূত্র ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সারা দেশে এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এরপর তিনটি কক্ষের ১৭৭ শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়। শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে কক্ষের দায়িত্বরত শিক্ষককে জানান। বেলা সাড়ে ১১টার দিকে ওই প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের নতুন প্রশ্নপত্র দিয়ে আবার পরীক্ষা নেওয়া হয়। এজন্য দেড় ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। 

ওই কেন্দ্রে পরীক্ষা দেওয়া সিনহা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী সুমাইয়া আক্তারের ভাষ্য, ‘আমরা ভুল প্রশ্নপত্রের বিষয়টি টের পাওয়ার পর শিক্ষকদের জানিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেননি। দেড় ঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পর ২০২৬ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। নতুন প্রশ্নে পরীক্ষা দেওয়ার জন্য দেড় ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এরকম খামখেয়ালিপনা কোনোভাবেই মানা যায় না।’

অভিযোগের বিষয়ে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মতিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমাদের ভুল হয়েছে। ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। পরে ২০২৬ সালের নতুন প্রশ্নপত্র দেওয়া হয়েছে ও অতিরিক্ত দেড় ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ‘পরীক্ষার শুরুর দিকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। পরে বিষয়টি বুঝতে পেরে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সময় বাড়িয়ে এ বছরের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্রসচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার বিষয়টি বুঝতে পেরে বোর্ড চেয়ারম্যানসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে এ বছরের প্রশ্ন দেওয়া হয়। এজন্য শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়। এ ঘটনায় কেন্দ্রসচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের কোনও সমস্যা হয়নি। সুন্দরভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।’