নারায়ণগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়


Narayanjangনারায়ণগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। গত দুইদিন ধরে কিছুক্ষণ পরপরই দেখা দিচ্ছে লোডশেডিং। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
শহরের চাষাঢ়া এলাকার কবির হোসেন জানান, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অন্তত ৭-৮ বার বিদ্যুৎ গেছে। প্রত্যেকবারই এক থেকে দুই ঘণ্টার বেশি লোডশেডিং হয়। ফলে বিদ্যুতের মটর চালানো যায়নি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সবাই।
দেওভোগ এলাকার তাপস সাহা জানান, বৃহস্পতিবার রাত ১২টায় বিদ্যুৎ গিয়ে এসেছে পরদিন শুক্রবার ভোর ৪টার দিকে। কখন বিদ্যুৎ আসবে জানতে বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ করেনি। ফলে জানা যাচ্ছে না কখন বিদ্যুৎ আসবে।
ঢাকা পাওয়ার ড্রিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নারায়ণগঞ্জের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. একরামুল হক জানান, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩৩ কেভি গ্রিডের একটি ব্রেকার পুড়ে গেছে। সেটি মেরামতের কাজ চলছে। যে কারণে গত বুধবার রাত থেকে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে। তবে ওই ব্রেকারটির মেরামতের কাজ শেষ পর্যায়ে। আশা করছি শনিবার থেকে আর বিদ্যুতের সমস্যা থাকবে না।
/এমও/