ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন কাপুড়িয়া সদরদী মহল্লার মিলন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকেই ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসানদিয়া ও কাপুড়িয়া সদরদী মহল্লার কিশোরদের মধ্যে উত্তেজনা চলছিল। রাত পৌনে ৮টার দিকে উভয় পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্র, ঢাল ও লাঠিসোঁটা নিয়ে কুমার নদের দুই পাড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি গুলির আওয়াজ শোনা যায়। সংঘর্ষের একপর্যায়ে সুমন শেখ গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সংঘর্ষের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। সংঘর্ষের সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
সুমনের মৃত্যুর আগে রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, একজন যুবকের আহত হওয়ার কথা শুনেছি। তবে তার কীভাবে কোন ধরনের গুলি লেগেছে তা তদন্ত করে পরে বলতে পারবো।