বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারী ও শিশু নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বিথী আক্তার ও (৩৫) আয়শা আক্তার (৯) নামে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথি আক্তার ও একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার। তারা দুই জন চাচি-ভাতিজি।

আহতরা হলেন- ওই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) ও শিবচরের যাদুয়ার চর এলাকার মৃত হায়দার আলীর ছেলে ভ্যানচালক লিটন মিয়া (৩০)। তারা ভ্যানযোগে উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিথী আক্তার তার পরিবারের ৬ সদস্য তাদের এক নিকট আত্মীয়ের বিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে দুটি ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি থেকে রওনা হন। পথে তাদের ভ্যান দ্বিতীয় খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় পৌঁছলে উল্টে যায়। এ সময় পেছনে থাকা একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার, আয়শাসহ চার জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ভ্যানচালক লিটনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আসিফ বলেন, দুপুরে চার জন রোগীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা দুই জনকে মৃত অবস্থায় পাই। এ ছাড়াও একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।