মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের নয় জন সদস্য (মেম্বার) এবং শতাধিক কর্মী-সমর্থকও দল থেকে অব্যাহতির ঘোষণা দেন।
বুধবার (১৫ জুলাই) বিকালে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে মৌখিকভাবে অব্যাহতির ঘোষণা দেন। একইসঙ্গে উপস্থিত থেকে মৌখিকভাবে অব্যাহতি নেন ওয়ার্ড মেম্বার আমির হোসেন, মো. পায়েল বেপারী, মো. রুহুল হাওলাদার, মো. মিল্টন মিয়া, মো. রফিকুল হাওলাদার, মো. রিন্টু, মো. জসিম, মো. হুমায়ুন কাজী ও সংরক্ষিত নারী সদস্য হাওয়া বেগম।
আওয়ামী লীগ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে অমিত হোসেন কবির বলেন, ‘আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আওয়ামী লীগের কোনও পদে আমি আর নেই।’
তিনি বলেন, ‘আমাদের ঠাঁই দেওয়ার মতো কেউ নাই। এছাড়া দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলে থেকে কোনও লাভ নেই। আমি জনগণের প্রতিনিধিত্ব করি, তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। তারা আমাকে ভালোবেসে দুবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই আজ থেকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি নিলাম। আমার সঙ্গে নয় জন মেম্বারও আজ থেকে অব্যাহতি নিয়েছেন।’