২৫ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়লো বাস

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (০২ আগস্ট) বিকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দেখে স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামেন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, ‘ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক পল্টি খেয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটি ওপরে তুলতে কিছু সময় লাগবে। আমাদের ধারণা বাসের নিচে আর কোনও যাত্রী নেই।’

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে গিয়ে পড়ে। এতে বাসের ২৫ জন যাত্রী কমবেশি আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।’