কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুর্বৃত্তদের হামলায় হাবুল মিয়া (৫২) নামে একজন শারীরিক ও বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবুল মিয়া উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির সামনের কাঁচা রাস্তায় হুইলচেয়ারে বসে ছিলেন হাবুল মিয়া। এ সময় দুর্বৃত্তরা কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে সঙ্গে থাকা টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় ঘটনার সময় সাহায্যের জন্য চিৎকার করতে পারেননি। তবে তার কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মৃত্যু হয়।
নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে শারীরিক ও বাকপ্রতিবন্ধী অবস্থায় হুইলচেয়ারে চলাফেরা করতেন। তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করে যা আয় হতো, তা দিয়েই তার জীবিকা চলতো। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় বসবাস করে।
এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা করেছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোমবার সকালে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিন জনকে আসামি করে মামলা করেছেন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। জড়িতদের শনাক্ত করা হবে।