রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচিত প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকাল ৩টার দিকে ভাতিজি ইসমত আরার বাড়িতে তার মৃত্যু হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসমত আরার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ভাতিজি ইসমত আরা চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। কয়েক মাস আগে অসুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। গত ২ আগস্ট রাতে উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরদিন ভাতিজি তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। গত ৬ আগস্ট এলাকাবাসীর আর্থিক সহায়তায় তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে রাস্তায় ফেলে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও স্ত্রী ও সন্তানরা তার খোঁজ নেননি বলে স্থানীয়দের অভিযোগ। তবে স্ত্রী রিনা আক্তার দাবি করেছেন, প্রায় আড়াই মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন।

ভাতিজি ইসমত আরা বলেন, ‌‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার চাচাকে আমার বাড়িতে নিয়ে আসি। আজ বিকাল ৩টার দিকে চাচার মৃত্যু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার বাড়িতে জানাজা শেষে আমাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’

জামাল উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রাস্তায় তাকে ফেলে যাওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।